বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাকলেজছাত্রকে আট তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ

কলেজছাত্রকে আট তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেছে আশফাক কবির সাজিদ (১৭) নামে এক কলেজ ছাত্রের। বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে তাকে লিফটের গর্তে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পায়।

ছেলেকে নির্মমভাবে খুনের অভিযোগ এনে নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন। মঙ্গলবার দায়ের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে। এজাহারভুক্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভিকটিমের বাবা আবুল হাশেম সিকদার বলেন, ‘নির্মমভাবে আটতলা থেকে লিফটের গর্তে ফেলে খুন করা হয়েছে। বাসা থেকে ফোন করে ডেকে এনে আমার ছেলেকে ওরা খুন করেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি হত্যাকারী কিশোর গ্যাংয়ের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের ফাঁসি চাই।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেয়। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, রানা মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশফাককে জোর করে নিয়ে যায়। একপর্যায়ে ওই তরুণদের হাত থেকে প্রাণের বাঁচতে আশফাক কৌশলে কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দেয় এবং দৌড়ে আটতলায় উঠে যায়; কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে হামলাকারীরা ওপরতলায় উঠে আশফাককে মারধর করে। একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়।

নিহত আশফাক কবির নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে চট্টগ্রাম নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের হত্যার সাথে জড়িত বলে ধারণা করছি। হত্যার কারণ উদ্‌ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়