বুধবার, জুন ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাকক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ২

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. হৃদয় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অন্য দুজন হলেন—পৌরসভার ইসলামপুর বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ প্রকাশ আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদ এলাকার আশরাফুল ইসলাম (২০)। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের একটি অভ্যন্তরীণ বিরোধের জেরে গতকাল রাতে দুই পক্ষের সদস্যরা প্রথমে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সহিংস রূপ নিলে উভয় পক্ষই দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন অপর দুই যুবকের শরীর থেকেও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাদের অবস্থাও বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তার বা পূর্ববিরোধের জেরেই এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে বিশেষ অভিযান শুরু করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়