প্রাইম ভিশন ডেস্ক »
টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া মানুষের খোঁজখবর নিতে নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকায় গেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান। এ সময় তিনি পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।
বুধবার (৮ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন সাঈদ আল নোমান। তিনি বলেন, বিএনপি সরকার গণমানুষের সরকার।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে সরকার এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
পরে তিনি নগরের লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকার ঝুঁকিপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে এমপি সাঈদ আল নোমান বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
খাদ্য বিতরণ কার্যক্রমে বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মো. এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মো. রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ ও মো. ফারুকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


