প্রাইম ভিশন ডেস্ক
কক্সবাজারে একটি প্রাইভেট কার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক সেনা সদস্য ওবায়দুল হাসানকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ওবায়দুলের বাড়ি বগুড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়ায়। তিনি গাজীপুরে বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে কাজ করতেন এবং ২০১৯ সালে অবসরে যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজার গাড়ি চেকপোস্টে পৌঁছায়। পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল জানালেন, গতকাল সকালে তিনি গাড়ি নিয়ে কক্সবাজারে এসেছিলেন। রাতে ঢাকায় ফিরছিলেন। গাড়িতে ইয়াবা কীভাবে এসেছে, এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
ওসি মোহাম্মদ আলীর ভাষ্য, সেনাবাহিনীর স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচারের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
মাত্র আট দিনের ব্যবধানে কক্সবাজারে সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের এটি দ্বিতীয় ঘটনা। গত ১৫ জুলাই রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


