Homeমুল পাতাযুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড, ৫০ দেশের নাগরিকদের দিতে হতে পারে ২০...

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড, ৫০ দেশের নাগরিকদের দিতে হতে পারে ২০ হাজার ডলার

প্রাইম ভিশন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন বাধার মুখে পড়তে পারেন কয়েক ডজন দেশের নাগরিক। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) ঠেকাতে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে প্রায় ৫০টি দেশের নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। এসব দেশের বেশির ভাগই আফ্রিকার।

শুক্রবার প্রকাশিত ফেডারেল নোটিশে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড নিতে পারবেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসা নিয়ে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের মতে, ভিসা বন্ড কর্মসূচি ভিসার শর্ত মানতে আবেদনকারীদের উৎসাহিত করবে।

২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা এই কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করতে পারতেন। নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে আগ্রহী অনেক মানুষকেও নিরুৎসাহিত করবে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই কঠোর অভিবাসন নীতি গ্রহণ করে আসছে। প্রশাসনের ভাষ্য, জাতীয় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এসব পদক্ষেপ প্রয়োজনীয়।

অন্যদিকে অধিকারকর্মীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিগুলো বৈধ অভিবাসনকেও কঠিন করে তুলছে। এর মধ্যে নির্দিষ্ট ভিসার জন্য বাড়তি ফি আরোপ এবং আবেদনকারী ও যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের মতো পদক্ষেপও রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়