প্রাইম ভিশন ডেস্ক
আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে বলেও জানান।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পর্যটননগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


