Homeমুল পাতা‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

প্রাইম ভিশন ডেস্ক

আসছে দুর্গা পূজায় বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। বহুল প্রতীক্ষিত এই জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।

সিনেমাটি মুক্তির এখনও প্রায় অনেকটা সময় বাকি থাকলেও এরই মধ্যে প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গেছে।
এবার সোমবার (৩১ আগস্ট) দেব ও শুভশ্রীকে নিয়ে ফেসবুক লাইভের পাশাপাশি প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার।

ঠিক দুপুর ১২টা ১৭ মিনিটে মুক্তি পায় ‘দেশু ৭’-এর টিজার। আর টিজার প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির গল্প, দেব-শুভশ্রীর রসায়ন এবং ছবির নাম।

টিজারে দেখা গেছে, দেবের চরিত্রের নামও ‘দেব’। গল্পে দুই ভালোবাসার মানুষের বিচ্ছেদ ও ফের এক হওয়ার ইঙ্গিত মিলেছে। বহু বছর আগে আলাদা হয়ে যাওয়া দুই মানুষ পরিস্থিতির কারণে আবারও একে অপরের কাছে ফিরে আসে। ফলে দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে সিনেমার গল্পের কিছুটা মিলও খুঁজে পাচ্ছেন দর্শকের একাংশ।

অ্যাকশন অবতারে দেবকে দেখা গেছে টিজারে। কখনো দুই হাতে বন্দুক নিয়ে লড়ছেন, আবার কখনো জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরাচ্ছেন। অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তাঁর রোমান্সও নজর কেড়েছে। লাদাখের ধূসর প্রাকৃতিক আবহে দুই তারকার উপস্থিতি টিজারে তৈরি করেছে আলাদা আবহ।

টিজারের শুরুতেই শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও’!

এরপরই শুরু হয় দেবের অ্যাকশন।

তবে শুধু দেব-শুভশ্রী নয়, টিজারে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও দর্শকের নজর কেড়েছে। টিজারে যতবার তাঁকে দেখা গেছে, ততবারই যেন রহস্য আরও ঘনীভূত হয়েছে।

টিজারের শেষদিকে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি ফিরে যাও দেব’। জবাবে দেব বলেন, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব’।

টিজার প্রকাশের সঙ্গে পোস্ট করা হয়েছে একটি লাইন—‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না’।

সিনেমা মুক্তির নয় মাস আগেই ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে যাওয়াকে ঘিরেও উচ্ছ্বসিত দেব। ফেসবুক লাইভে এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ৭ হাজার টিকিট বিক্রি করেছি। তখনো না ছবির টাইটেল ঠিক ছিল, না গল্প। এখনো আমাদের কাছে অনুরোধ আসে আরও গোল্ডেন টিকিটের ব্যবস্থা করতে। আমরা নিজেরাও জানি না কেন দর্শকরা আমাদের এত ভালোবাসে। আমরা ভাগ্যের চক্রে আলাদা হয়ে গিয়েছি বলে ভালোবাসে। নাকি আমরা এমন কিছু ভালো কাজ করেছি তার জন্য সবাই ভালোবাসে। আমার এই পুরো সময়টায় একটাই ভয় ছিল, তাঁদের সেই ভরসা যেন নষ্ট না হয়।’

‘দেশু ৭’-এ দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্যকে।

টিজার প্রকাশের পরও সিনেমার নাম ‘দেশু ৭’ই রাখা হয়েছে। তবে এই নামটি চূড়ান্ত কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ শুরুতে সিনেমাটির নাম নির্ধারণ করা হয়নি। পরে দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে ‘দেশু সেভেন’ নামটি আলোচনায় আসে।

ফেসবুক লাইভে ছবির নাম প্রসঙ্গে দেব বলেন, ‘যখন আমরা অ্যানাউন্স করেছিলাম সাবজেক্ট ছিল না। টাইটেল কী দেব। আমাদের এদিকে কিছু অ্যানাউন্স করতে হত। তখন আমাকে আমার টিম বলেছিল, তোমাদের জুটি দেশু-তো থাকবেই হ্যাশট্যাগে, সাত নম্বর ছবি যখন দেশু সেভেন করে দাও। এরপর আমাদের এডিটর একটা ভিডিও বানায় দেশু সাতের। আমরা এখনও ওই লোগোটাই ফলো করছি। এখন দেশু সেভেন শব্দটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমরা অনেক ভেবে দেখলাম যাই টাইটেল নিয়ে আসি এর উপর যেতে পারব না।’

ফলে আপাতত ‘দেশু ৭’ নামেই এগোচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগে শেষ মুহূর্তে নাম বদলানো হয় কি না, সেটাই এখন দেখার। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে দেব-শুভশ্রীর এই বহুল প্রতীক্ষিত সিনেমা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়