প্রাইম ভিশন ডেস্ক »
করের আওতা বৃদ্ধি করতে গ্রাহকদের নতুন নতুন নিয়মের আওতায় আনছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। তবে এবার হালনাগাদ শর্তে বিগত রিটার্ন দাখিলে ব্যর্থদের জরিমানা মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে।
একজন ব্যক্তির ৪০ ধরনের সেবা প্রাপ্তিতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী করযোগ্য আয় না থাকলেও একজন গ্রাহককে রিটার্ন দাখিল করতে হবে।
৪০টি সেবার মধ্যে রয়েছে- গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পেতে অবশ্যই রিটার্ন দাখিলের চিঠি দেখাতে হবে। রিটার্ন দাখিলের কাগজ দেখাতে না পারলে বিচ্ছিন্ন করা হবে গ্যাস কিংবা বিদ্যুতের সংযোগ। অন্যদিকে চাকরিজীবীদের বেতন-ভাতা প্রাপ্তিতে রিটার্ন দেখাতে হবে।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে আয়কর অধ্যাদেশের ১২৪ ধারা অনুযায়ী জরিমানা করা যাবে। যদি গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব নয় জানিয়ে সময়সীমা বাড়ানোর জন্য নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখ করে উপ-কর কমিশনারের কাছে সময়ের আবেদন করেন। তাহলে উপ-কর কমিশনার সময় দিতে পারেন। এতে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে।


