Saturday, June 27, 2026
spot_img
Homeসংবাদভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান ড. হাছান মাহমুদ। তিন দিনের এ সরকারি সফরের শেষদিনে ভারতের ১৫তম রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকারটি ছিল আন্তরিকতাপূর্ণ।

ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তাঁকে (রাষ্ট্রপতি) আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করে বলেছেন, শেখ হাসিনা এমন একজন স্ট্রং লেডি, যিনি পর পর চারবার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাঁকে অভিনন্দন জানান। নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, তার সঙ্গে সহমত পোষণ করেন ভারতের রাষ্ট্রপতি।’

ড. হাছান এ সময় উল্লেখ করেন, ‘আমি তাকে (ভারতের রাষ্ট্রপতি) বলেছি যে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন- জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন মহিলাকে দেখতে পাই না ? দেখতে চাই। তিনি সেটির সাথেও ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে ভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানান।’ খবর বাসস।

২০২২ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনয়ন পেয়ে নির্বাচিত ভারতের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে প্রথম এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের অবহেলিত অংশের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ সংগ্রাম করার জন্য খ্যাত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঝাড়খন্ডের গভর্নর, উড়িষ্যার মিনিস্টার অব স্টেট এবং উড়িষ্যার লেজিসলেটিভ এসেম্বলির সদস্য (এমএলএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতের উপ-রাষ্ট্রপতির সাথে ড. হাছানের সাক্ষাৎ

এর আগে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে সাক্ষাতকালে এক বৈঠকে উপ-রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সাথে বৈঠক

এর আগে সেখানে দুপুর ১২টায় ভারতের রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। একইসাথে ভোক্তা অধিকার, খাদ্য ও জনবিতরণ বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত পীযুষ গয়ালের সাথে নতুন পার্লামেন্ট ভবনে তার অফিসে দু’দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাছান মাহমুদ।

বৈঠকে, পররষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার এবং বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য পীযুষ গয়ালকে অনুরোধ করেন।

শুক্রবার বিকেলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এই বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আমরা ভারত থেকে যে পচনশীল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ মেট্রিক টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তরিত আলোচনা হয়েছে।’
বৈঠকে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংযোগ, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়