প্রাইম ভিশন ডেস্ক »
দুই ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় তাড়া ছিল না ফ্রান্সের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাই তিউনিশিয়ার বিপক্ষে যেন একটু ‘রিল্যাক্স’ থাকতে চাইলো, নামালো দ্বিতীয় সারির দল। জিততে মরিয়া তিউনিশিয়া এটাকে সুযোগ হিসেবে নিয়ে প্রাণপণে লড়ে করে নিলো জালের ঠিকানা। তখন যেন টনক নড়লো ফ্রান্সের, একে একে নামানো হলো রাঁবিয়ত, এমবাপ্পে, গ্রিজম্যান, দেম্বেলেদের। এতে খেলায় দাপট ফেরালো ফ্রান্স, কিন্তু ব্যবধান ঘুচলো না। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো আফ্রিকার দেশ তিউনিশিয়া।
বুধবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে তিউনিশিয়া। বিশ্বকাপে প্রথম সাক্ষাতেই ফরাসীদের বিপক্ষে বিজয় নিশান গাড়লো তারা। যদিও এই জয়ে বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়নি দেশটির। তিন ম্যাচে একটি জয়, এক হার ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর তারা। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষেলোয় উঠেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে শুরু হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া হারলে বা ড্র করলে দ্বিতীয় রাউন্ডে উঠতো তিউনিশিয়া। শেষ ম্যাচে হেরেও গ্রুপসেরা হলো ফ্রান্স।
দ্বিতীয় সারির দল পেয়ে দারুণ চ্যালেঞ্জ জানায় তিউনিশিয়া। দ্বিতীয়ার্ধেও জারি থাকে তা, সেই ধারাতেই মেলে গোলের দেখা। কিন্তু দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় পাল্টে খেলায় ফ্রেরে ফ্রান্স। গোল না করতে পারলেও বাকিটা সময় অবিরত আক্রমণে তিউনিশিয়াকে ব্যতিব্যস্ত রাখে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।


