প্রাইম ভিশন ডেস্ক »
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈমান আলী নামের এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে আর্জেন্টিনাকে সমথর্ন করেছেন। কুড়িগ্রাম জেলার আর্জেন্টিনা সমর্থকদের ফেসবুক পেজে এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোডের পর এখন সেটি নেট দুনিয়ায় ভাইরাল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী উপজেলার পানি মাছকুটি গ্রামের ঈমান আলী বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করেন। তিনি ফুলবাড়ি ডিগ্রী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
ওই ভিডিওতে দেখা যায় ঈমান আলীকে আর্জেন্টিনা পতাকা রঙের বদনায় করে দুধ পানি ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন আর্জেন্টিনা সমর্থক মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, ঈমান আলী এলাকায় ব্রাজিলের সাপোর্টার ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারায় ফেলে। কিন্তু যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারয়েছে, সেই ক্রোয়েশিয়া দল আর্জেন্টিনার কাছে ৩ গোলে হেরে যাওয়ায় সে আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হতে চায়। আজ বিকেলে ফুলবাড়ি উপজেলার পানি মাছকুটি গ্রামের আর্জেনটিনা সমর্থকদের উপস্থিতিতে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেনটিনায় নেওয়া হয়।
ব্রাজিল থেকে আর্জেন্টিনা দলে কেন আসলেন এমন প্রশ্নে ঈমান আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের অনেক বড় ভক্ত ছিলাম। সবসময় দলটির জন্য অনেকের সঙ্গেই তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি। ক্যারিশম্যাটিক গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। অন্যদিকে, মেসির দল আর্জেন্টিনার সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিলো এতে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থন করবো।’
কুড়িগ্রামের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির নেতা বাদশা সৈকত বলেন, ‘আর্জেন্টিনা একটি সেরা দল এই বোধদয় দেরিতে হলেও তার মাঝে জন্মেছে সেজন্যে তাকে শুভেচ্ছা জানাই। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির পক্ষ থেকে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেওয়া হয়েছে। দিন দিন আর্জেন্টিনার সমর্থন বাড়ছে, সবাই আর্জেন্টিনার পতাকা তলে আসছে। এটা আমাদের জন্য আনন্দের খবর।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ব্রাজিল সমর্থক বাসস্ট্যান্ড শাখার সভাপতি নাহিদ হাসান প্রিন্স বলেন, দল হেরে যাওয়ায় যারা ব্রাজিল সাপোর্টার ছিল তারা মনে কষ্ট পেয়েছে। এজন্য অনেকেই আর্জেন্টিনায় যাচ্ছে। তবে যারা দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে তারা ব্রাজিলের আসল সমর্থক নয়।


