Homeখেলাধুলাআইপিএলকে 'না' বলার পুরস্কার পেলেন সাকিব-লিটনরা

আইপিএলকে ‘না’ বলার পুরস্কার পেলেন সাকিব-লিটনরা

প্রাইম ভিশন ডেস্ক »

সুযোগ পেয়েও আইপিএলে খেলতে না গিয়ে দেশের হয়ে খেলাকে গুরুত্ব দেওয়ার পুরস্কার পেয়েছেন তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন কুমার দাসকে আর্থিক প্রণোদনা দিয়েছে বিসিবি।

২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় সাকিব এবং লিটনকে। পারিবারিক কারণ দেখিয়ে যান নি সাকিব। লিটনও দেশের হয়ে খেলতে আইপিএলে মাত্র এক ম্যাচ খেলেই ফিরে আসেন। একইভাবে আইপিএলে খেলার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের হয়ে খেলাকে প্রাধান্য দিয়ে যান নি তাসকিন আহমেদ।

খেলতে না যাওয়ার কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতির সম্মুখীনই হয়েছেন এই তিন ক্রিকেটার। বিসিবির পক্ষ থেকে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনজনকে মোট ৭০ লক্ষ ৮১ হাজার ২৮২ টাকা ভাগ করে দিয়েছে বিসিবি।

তিনজনের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। লিটন ও তাসকিন পেয়েছেন প্রায় সমপরিমাণ টাকা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা ওদের প্রাপ্য। যে পরিমাণ টাকা ওরা আইপিএল থেকে পেত, সেটা তো আর দেওয়া সম্ভব নয়। তবে ওরা আইপিএলে না খেলে দেশের হয়ে খেলছে, সে জন্য বোর্ড ওদের সম্মানিত করার চেষ্টা করেছে।’

আইপিএলের নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের পারিশ্রমিকের ২০ শতাংশ যায় সে দেশের ক্রিকেট বোর্ডের কোষাগারে। সাকিব–লিটনরা আইপিএলে না যাওয়ায় এবার সে অর্থ পায়নি বিসিবি, উল্টো বিসিবিই প্রণোদনা দিয়েছে তিন ক্রিকেটারকে।

২০২৩ এর আইপিএলে সাকিবকে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা, লিটনের পারিশ্রমিক ছিল ৫০ লাখ রুপি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর বদলি খেলোয়াড় হিসেবে তাসকিনকে দলে নিতে চেয়েছিলেন।

শেষ পর্যন্ত আইপিএলে না যাওয়ায় তাসকিনের পারিশ্রমিকও নির্ধারিত হয়নি। এই তিন ক্রিকেটারকে বিসিবি যে প্রণোদনা দিয়েছে সেটির পরিমাণ নির্ধারিত হয়েছে আইপিএলে তাদের মূল্যের ভিত্তিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়