প্রাইম ভিশন ডেস্ক »
পিএসজি থেকে লিওনেল মেসির বিদায় নিশ্চিত হবার আগে থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে? হয়েছে অনেক জল্পনা কল্পনা, ছড়িয়েছে অনেক গুজব। আলবিসেলেস্তে অধিনায়ক হয়তো যোগ দিতে পারেন সৌদি ক্লাব হিলালে, এমন অনুমানই করেছিলেন অনেকে। মেসির মত অনেকেই আবার আবার অপেক্ষায় ছিল তার বার্সায় প্রত্যাবর্তনের। তাই পরবর্তী গন্তব্যের ধারণায় একটু আড়ালেই ছিল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লা পুলগা ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই যাচ্ছেন তিনি।
তবে আর্জেন্টাইন তারকার আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর না হলেও সবকিছু চূড়ান্ত, ঘোষণা দিয়েছেন মেসি নিজেই। ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেই স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সাবেক এই বার্সা তারকা।
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছান মেসি। সেখানেই দেখা যায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি বিমান থেকে নেমে একটি গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন মেসি। মিয়ামির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হতে পারে আগামী ১৬ জুলাই। আর মিয়ামির জার্সি গায়ে আগামী ২২ জুলাই প্রথমবার মাঠে নামতে পারেন মেসি, এমনটায় জানায় মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে।
এছাড়া ইন্টার মিয়ামির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টায় আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। বিস্তারিত জানার জন্য মিয়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেই থাকুন।
অন্যদিকে মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মিয়ামি ও যুক্তরাষ্ট্র। মেসির আগমন উপলক্ষ্যে ইন্টার মিয়ামিতে এখন যেন উৎস্পবের আমেজ। শহরের একটি উঁচু ভবনের দেয়ালে আঁকা হয়েছে মেসির বিশাল ম্যুরাল। সেটির কাজে সরাসরিচ অংশগ্রহণ করেছেন ইন্টার মিয়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম নিজেই।


