প্রাইম ভিশন ডেস্ক »
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। দুদিন ধরে রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে দেখা মেলেনি সূর্যের। বইছে উত্তুরে হাওয়া। ঘরের বাইরে গেলে শরীরে জাগছে কাঁপন। উত্তরের জনপদগুলোয় দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলেছে যানবাহনগুলো।
আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জাঁকিয়ে বসতে পারে। হতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এমন কুয়াশা আরও দু-তিন দিন থাকবে। এই সময়ে ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এক দিন ধরে দেশের চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শীত বাড়ছে পঞ্চগড়ে: পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল ডিসেম্বরের মাঝামাঝি রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি। তবে দুদিন ধরে ঘন কুয়াশার পর সকালেই রোদের দেখা মিলেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অঞ্চলটিতে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিশেষ করে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
সাধারণত কোনো স্থানে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশপাশে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৮ ডিগ্রি সেলসিয়াস।


