প্রাইম ভিশন ডেস্ক »
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আমরা অবাস্তব পন্থায় বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না। আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি।
আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি এবং জনগণের সামনে মাথা উঁচু করে দাড়াঁতে পারি, আত্মবিশ্বাসের সঙ্গে ভোট চাইতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে তারা জানবে ভূমি সংক্রান্ত সবাই অনিয়মের সঙ্গে জড়িত নয়।
জনগণের কাছে আমাদের অনুরোধ, জনগণ যেন আমাদের ভুল-ত্রুটি তুলে ধরেন। যেন আমরা সংশোধন হয়ে আরও ভালো কিছু করতে পারি।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, ডিআইজি মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে একটি আবেদন করেছেন, সেটি হলো- বাংলাদেশের প্রকৃত মালিক এ দেশের জনগণ। এ মালিকরা যখন আমাদের কাছে সেবা গ্রহণ করতে আসে তখন তারা যেন আমাদের সেবা গ্রহণ কার্যক্রম অনুভব করতে পারেন। ভালো সেবাটা যেন তারা পায়। আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি এবং খণ্ডকালীন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, কাজ করেন, সেবা প্রদান করেন এবং আপনারা যারা সরকারের একটি বিভাগের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে আছেন; আপনারা নিজ যোগ্যতায় এখানে এসেছেন। আমাদের সবার লক্ষ্য হলো- মানুষের সেবা প্রদান করা অর্থাৎ এদেশের মালিক জনগণকে সঠিক সেবাটা সম্মানের সাথে আন্তরিকতার সাথে, সততা এবং নিষ্ঠার সাথে প্রদান করা।
তিনি বলেন, আমরা সকল কার্যক্রম যেন মাননীয় প্রধানমন্ত্রীর এ আহ্বানকে মাথায় রেখে পরিচালনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে- সমাজের প্রথম সুবিধা বঞ্চিতদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই প্রচেষ্টায় আছি। আমরা চেষ্টা করছি একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের দায়িত্বে যেগুলো আছে, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেসকল দপ্তর আছে সেখানে দুর্নীতিকে আস্তে আস্তে কিভাবে কমিয়ে আনা যায়। জনসেবা, দ্রুতসেবা এবং জমি সংক্রান্ত সকল সেবা কিভাবে নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।


