প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম হাসান (১৭)। অপরদিকে, রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান জানান, রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। শরীরে বড় ধরনের কোনো আঘাত না থাকলেও নাক-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


