প্রাইম ভিশন ডেস্ক »
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অনেক সময় দেখা যায় ধর্মকে এমনভাবে ব্যাখ্যা করা হয়, যেখানে নারীর অগ্রযাত্রাকে চ্যালেঞ্জ করা হয়। ধর্মের সঙ্গে নারীর এগিয়ে যাওয়ার কোনো সাংঘর্ষিক বিষয় নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা অপপ্রচার করে, সেই বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।
শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএসটিডি) এর পূর্বাঞ্চলীয় শাখার ৬ষ্ঠ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কর্মসূচির নিয়েছেন। তিনি যা শুরু করে দিয়েছেন, আমাদের আগামীতে টিকিয়ে রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। সেক্ষেত্রে নারীরা যদি শিক্ষা এবং সামাজিক দিক থেকে পিছিয়ে থাকে তাহলে দেশ পিছিয়ে যাবে।
আইএসটিডি বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ভারতের এই প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে অনেক ভালো করছে। আমাদের মত দেশে প্রচুর গ্রাজুয়েট পপুলেশন আছে। গ্রাজুয়েটদের কাছে কর্মসংস্থান কিন্তু অনেকটাই বেশি চ্যালেঞ্জিং। সুনির্দিষ্ট কোনো দক্ষতা তাদের অনেক সময় থাকে না।
মহিবুল হাসান চৌধুরী বলেন, সামনেই বাংলাদেশের নির্বাচন। তা নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী উৎসাহ প্রকাশ করেছেন। ছোট ছোট খুঁটিনাটি বিষয় জানতে চেয়েছেন।
প্রদীপ জ্বালিয়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শ্রম ও অধিদফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক মমতা সরকারের জনমুখী শিক্ষার বিষয়গুলো তুলে ধরেন।


