প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলোতে গতকাল শনিবার দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছে বাফেলোর স্থানীয় মিডিয়া ২ডব্লিউজিআরজেড।
নিহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাবুল উদ্দিন (৩৬) ও সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ ইউসুফ মিয়া (৫৮)।
শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে বাফেলোর জেনার স্ট্রিটের নির্মাণাধীন এক বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ইউসুফ ও বাবুল স্থানীয় একটি বাড়িতে কিছু মেরামতের কাজ করছিলেন। তখন সশস্ত্র এক যুবক এসে তাদের কাছে টাকা দাবি করে। এনিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই যুবক তাদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্যজন গুরুতর আহত হন।
২ডব্লিউজিআরজেড বলছে, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কর্মী হাবিব রহমানের উদ্ধৃতি দিয়ে মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান, তারা যখন একটি বাড়িতে কিছু মেরামতের কাজ করছিলেন, তখনই ঘটনাটি ঘটে।
তিনি বলেন, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ইউসুফ ও তার পরিবার পাঁচ মাস আগে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে যান। আর বাবুল ও তার পরিবারের সদস্যরা যান টুরিস্ট ভিসায়।


