Homeএই মুহুর্তেশীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ'-এর স্ত্রী তামান্নাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী তামান্নাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

প্রাইম ভিশন ডেস্ক »

একটি হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ওরেফ ছোট সাজ্জাদের স্ত্রী শারমীন আক্তার তামান্নাকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ৯ এপ্রিল (বুধবার) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত এই আদেশ দেন বলে আজ বৃহস্পতিবার টিবিএসকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। এই মামলায় তামান্নার জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন তাসনিয়া প্রধান।

সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ, নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সাজ্জাদ ও ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রামের কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে মামলায় হুকুমের আসামি করা হয়।

এছাড়া সাজ্জাদ বর্তমানে চান্দগাঁও থানার ইট, বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন খুনের মামলায় রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে গত ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়