প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি। যদিও গতকাল দলটির স্থানীয় নেতারা হাকিমকে বিএনপি সমর্থক দাবি করে তার হত্যার প্রতিবাদে রাউজানে ব্যাপক বিক্ষোভ করেছে।
আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এই রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না।
তিনি বলেন, সহিংস ঘটনাটি সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত-চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই।
নিহত ব্যক্তি ও দুস্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।


