Homeএই মুহুর্তেবেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ

বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ

প্রাইম ভিশন ডেস্ক »

জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকসহ নানা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ব্যাপক সরব ছিল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথাও বলেছিল মিয়ানমারের জান্তা সরকার। কিন্তু গত বছরের এ ঘোষণার পরও কোনো প্রত্যাবাসন ঘটেনি। উল্টো ওই বছরই বাংলাদেশে প্রবেশ করে আরো ১ লাখ ৩৬ হাজার ৫১৮ জন রোহিঙ্গা। সংশ্লিষ্টদের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ প্রতিনিয়ত চলছে। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বিপর্যস্ত রোহিঙ্গারা জীবন বাঁচাতে এখনো প্রতিনিয়ত বাংলাদেশে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের তথ্যমতে, নতুন ও পুরনো মিলিয়ে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা প্রায় ১১ লাখ ৭৩ হাজার ১৭১। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে মোট ১ লাখ ৩৯ হাজার ৩৭৮ জন নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। যেখানে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, শুধু ওই বছরের প্রথম ১১ মাসেই প্রবেশ করেছিল ১ লাখ ৩৬ হাজার ৫১৮ জন।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘২০২৩ সালের নভেম্বরে আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর মধ্যকার শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মংডুতে আক্রমণ হওয়ার পরই রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয়। মংডু থেকে এখনো প্রতিনিয়ত আরাকান আর্মির দ্বারা নির্যাতিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ফেরত আসছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে স্পেশাল কনফারেন্স হয়েছে। আন্তর্জাতিক অনেক ফোরামে কথা বলেছে। এর সমাধানটি বাংলাদেশ সরকারের হাতে নেই, যেহেতু ঘটনাটি সীমান্তের ওপারে ঘটছে। সমাধান বরং মিয়ানমারের হাতে। তাদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিচালনা শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এর পরের মাসেই রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে তিন দফা প্রস্তাব তুলে ধরেন। কিন্তু এর কোনোটিই আলোর মুখ দেখেনি।

২০২৫ সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সে সময় এক লাখ রোহিঙ্গার সঙ্গে সলিডারিটি ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। সঙ্গে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়