প্রাইম ভিশন ডেস্ক »
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেছেন, হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পগুলো গত আট-দশ বছর ধরে টানছে। এখন এগুলোর সমাপ্তি দরকার, যেন জনগণ এর পুরোপুরি সুফল ভোগ করতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেছেন।
জাকারিয়া তাহের বলেছেন, চট্টগ্রামের বড় বড় প্রকল্পগুলোর প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে আছে। কিন্তু ছোট ছোট কিছু ‘বটলনেক’ বা জটিলতার কারণে সাধারণ মানুষ শতভাগ সুফল পাচ্ছে না। আমার এবারের চট্টগ্রাম সফরের মূল উদ্দেশ্যই হলো এই আটকে থাকা কাজগুলোর সমাধান করা।
জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) বরাতে মন্ত্রী বলেছেন, এরইমধ্যে এই প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। আশা করছি, এই বর্ষাতেই জনগণ এর সুফল পেতে শুরু করবে।
সিডিএ থেকে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান গণপূর্তমন্ত্রী। তিনি বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের তরফ থেকে ‘অ্যাবসলিউটলি জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) থাকবে। আগে শুধু আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে প্ল্যান পাস হতো। এখন আমরা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রোমেকানিক্যাল ও প্লাম্বিং—সব মিলিয়ে কমপ্লিট প্ল্যান একসঙ্গে সাবমিট করার ব্যবস্থা করছি।
এর আগে সকালে চট্টগ্রাম সফরকালে মন্ত্রী সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।


