প্রাইম ভিশন ডেস্ক »
মুক্তির ছয় সপ্তাহ শেষ করেও ‘জওয়ান’ চলছে বক্স অফিসে দাপট দেখিয়ে। ঝড়ো ব্যাটিং থেমে গেলেও বক্স অফিসে বেশ ভালোই আয় করছে বলিউড বাদশাহ শাহরুখ খানের এ ছবি। ছয় সপ্তাহে এসে এটি মোট ৫৮০ কোটি টাকা আয় করল হিন্দি ভার্সনে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন টুইটারে জওয়ানের বক্স অফিস কালেকশন পোস্ট করলেন। সেখানে তিনি জওয়ান ছবির সপ্তাহ অনুযায়ী আয় তুলে ধরলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রথম সপ্তাহে এই ছবি তার হিন্দি ভার্সনে ৩৪৭ দশমিক ৯৮ কোটি টাকা আয় করেছে।
এরপর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যথাক্রমে ১২৫ দশমিক ৪৬ কোটি এবং ৫২ দশমিক ০৬ কোটি টাকা আয় করে যথাক্রমে। জওয়ান ৩৪ দশমিক ৫৩ কোটি টাকা আয় করে তার চতুর্থ সপ্তাহে। পঞ্চম সপ্তাহে আয় কমে দাঁড়ায় ৯ দশমিক ৪৭ কোটিতে, যা আবার ষষ্ঠ সপ্তাহে গিয়ে বাড়ে। এই সপ্তাহে এটি ১০ দশমিক ৫৯ কোটি টাকা আয় করেছে। ফলে ছয় সপ্তাহের শেষে জওয়ান কেবল হিন্দি ভার্সন থেকেই ভারতীয় বক্স অফিসে মোট ৫৮০ দশমিক ০৯ কোটি টাকা আয় করেছে। যা হিন্দি সিনেমার জন্য রেকর্ড।
তরণ আদর্শ এদিন এই ছবির তামিল এবং তেলুগু ভার্সনের সম্মিলিত আয়ের হিসাবও দেন। সেই তথ্য অনুযায়ী এটি প্রথম সপ্তাহে ৪৩ দশমিক ৩৫ কোটি, তারপর যথাক্রমে ১১ দশমিক ৬০ কোটি, ৩ দশমিক ৮৭ কোটি, ১ দশমিক ০৭ কোটি, ২৪ লাখ টাকা আয় করে। ষষ্ঠ সপ্তাহে সেটা কমে হয় ২০ লাখ। ফলে এখন পর্যন্ত এই দুটো ভাষা মিলিয়ে জওয়ান ঘরে তুলেছে ৬০ দশমিক ৩৩ কোটি টাকা।
এই ট্রেড অ্যানালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে জওয়ান তার ছয় সপ্তাহের শেষে মোট ৬৪০ দশমিক ৪২ কোটি টাকা আয় করেছে। তিনি এই ছবিকে ‘অল টাইম ব্লকব্লাস্টার’ বলেও ঘোষণা করেন। এই প্রথম কোনো হিন্দি ছবি এত বিপুল আয় করল।
আর গোটা বিশ্বজুড়ে এই ছবির আয় ১ হাজার ১০০ কোটি টাকা ছাপিয়েছে। ফলে সব মিলিয়ে শাহরুখের জওয়ান যে বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙেছে, সেটা বলাই বাহুল্য।
শাহরুখ খান অভিনীত জওয়ান ছবিটি গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। এখানে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে। তার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। জওয়ান পরিচালনা করেছেন অ্যাটলি।


