সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাআগামী নির্বাচনে অংশ নিতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শাজাহান খান

আগামী নির্বাচনে অংশ নিতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শাজাহান খান

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী নির্বাচনে অংশ নেওয়ার আশায় দেশবাসীর দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, কারাগারে থেকে তিনি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন।

আজ বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার সময় তিনি এসব কথা বলেন।

এদিন সকাল ১০টা নাগাদ আদালতে তোলা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম ও সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিকে। এ সময় এক সাংবাদিক তার খোঁজ নিলে শাজাহান খান বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’

সাংবাদিক জানতে চান, কী দোয়া করবেন? জবাবে তিনি বলেন, ‘দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি.. এ সমস্ত বিষয়ে দোয়া করবা।’

এ সময় ওই সাংবাদিক মন্তব্য করেন, ‘সবাই বলছে, আপনারা দেশের বারোটা বাজিয়েছেন।’ উত্তরে শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে, সেটা সামনে প্রমাণিত হবে।

পরে আদালতের কাঠগড়ায় তোলা হয় আসামিদের। সকাল ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে বসলে তাদের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। আদালত একে একে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত চত্বর থেকে হাজতখানায় নেওয়ার সময় আবার আরেক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি এত হাসেন কেন?’ জবাবে শাজাহান খান বলেন, ‘আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।’

কারাগারে থাকার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’ এরপর তাকে অন্যান্য আসামিদের সঙ্গে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়