প্রাইম ভিশন ডেস্ক »
শীতের সবজির আবাদ শেষ হয়েছে। এখন গ্রীষ্মকালীন সবজির ভরপুর উৎপাদনের অপেক্ষা। এর মাঝের সময়টায় বরাবরই দেশে সবজির দাম বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখের শুরুতেই খুচরা যোগানে টান পড়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সরজমিনে রাজধানীর নতুনবাজার ঘুরে দেখা যায়, সেখানে একাধিক সবজির দোকান খুলেই নি। তবে যারা দোকান খুলেছেন তারা সবজির সরবরাহ আর দাম নিয়ে নাখোশ।
দোকানিরা জানান, গত দুই দিন কারওয়ানবাজারে সবজির ট্রাক কম এসেছে। সবজির মানও ভালো নয়। গত ২ সপ্তাহে কেজিপ্রতি একাধিক সবজির দাম অন্তত ২০ টাকা বেড়েছে। এরমধ্যে টমেটো আর বেগুন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।
বাজার ঘুরে দেখা যায়, লেবুর হালিপ্রতি ৪০ টাকা, টমেটো, গাজর ও শসা ৫০ টাকা এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে।
বিক্রেতারা জানান, কেবলই শীতের সবজির মৌসুম শেষ হয়েছে। তাই সব সবজি পাওয়া যাচ্ছে না। এ কারণে সবজির দাম একটু বেশি। আর বৃষ্টির কারণে পেয়াজের উৎপাদন কমে গেছে।
অন্যদিকে একজন ক্রেতা বলেন, সব জায়গাই সবজির দাম বেশী। হয়তো বিক্রেতাদের বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।
এদিকে মানিকগঞ্জের পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, সেখানে সবজির দামে খুব একটা হেরফের নেই। সরবরাহও স্বাভাবিক। বেশিরভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ টাকার আশপাশে মিলছে ডায়মন্ড আলু। পাইকাররা জানান, কৃষক এখনও সবজির যোগান দিয়ে যাচ্ছেন। তবে প্রকৃতি বৈরি হলে বিপদ বাড়বে।
বিক্রেতারা বলেন, লেবুতে হালিপ্রতি ২০ টাকা, ওস্তায় ৩০ ও বেগুনের দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। পেঁয়াজ অনেকে মজুত করছে, তাই বাজারে যোগান কম।


