Wednesday, July 8, 2026
spot_img
Homeএই মুহুর্তেভারী বৃষ্টিতে পানির নিচে হাটহাজারী-অক্সিজেন সড়ক, দীর্ঘ যানজট

ভারী বৃষ্টিতে পানির নিচে হাটহাজারী-অক্সিজেন সড়ক, দীর্ঘ যানজট

প্রাইম ভিশন ডেস্ক »

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী-অক্সিজেন সড়কের বড়দিঘি পাড় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোমরসমান পানিতে তলিয়ে গেছে সড়কের একাংশ।

এতে তীব্র যানজটের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে চিকনদণ্ডী ভূমি অফিসেও পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টির পর পাহাড়ি ঢলের পানি জমে মহাসড়কের উভয় পাশে জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকার পানি নিষ্কাশনের খাল ও সরু ড্রেন সংকুচিত হয়ে যাওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই একই পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে কোমরসমান পানি জমে রয়েছে। অনেক সিএনজিচালিত অটোরিকশা পানিতে বিকল হয়ে পড়ে।

ফলে অক্সিজেন থেকে হাটহাজারীমুখী এবং হাটহাজারী থেকে অক্সিজেনমুখী উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাহাড়ি ঢলের পানিতে স্থানীয়দের মাছ ধরতেও দেখা যায়।

জলাবদ্ধতার কারণে চিকনদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসেও পানি প্রবেশ করেছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটার রক্ষায় তুলে রাখা হয়েছে আলমারির ওপর।

চিকনদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল আকবর জানান, পাহাড়ি ঢলের কারণে অফিসে পানি ঢুকেছে। প্রতি বর্ষা মৌসুমে দুই-তিনবার এমন পরিস্থিতি হয়। তারপরও আমরা জনসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। পানি আরও বাড়লে নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।

এদিকে, পানি জমে যাওয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েন। অর্ধবার্ষিক ও এইচএসসি পরীক্ষার্থীদের অনেককে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে দেখা যায়।

কয়েকজন শিক্ষার্থী জানান, প্রতি বছর একই সমস্যা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তারা সড়ক উঁচু করা এবং কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়