Homeমুল পাতাদীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন খালেদা জিয়ার

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন খালেদা জিয়ার

প্রাইম ভিশন ডেস্ক »

সৌদি আরবের পাশাপাশি যুক্তরাজ্যেও আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় এক দশক পর লন্ডনে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ঈদ উদযাপন করছেন।

এর আগে সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন তিনি।
রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উনি (খালেদা জিয়া) লন্ডনে বেটার আছেন। আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। ফ্যামিলির সঙ্গে প্রায় দশ বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ আ গুড থিংক ফর আস। ’

লন্ডনে থাকা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন। বাসায় দুই পুত্রবধূ (ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান) আছেন… আছেন তিন নাতনি (ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান)। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন। কারণ দীর্ঘ বছর পর ম্যাডাম তার আপনজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। বুঝতেই পারছেন এখানে অনেক আবেগ জড়িত। ’

এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তারেক রহমানের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন খালেদা জিয়া। তারও আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন তিনি।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আগের চাইতে তিনি বলতে পারেন আলহামদুলিল্লাহ উনি মাচ বেটার। ’

সাবেক এ প্রধানমন্ত্রী দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান জাহিদ হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়