HomeUncategorizedচট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই : মেয়র

চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই : মেয়র

 

 

মেধাবী তরুণদের বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রামকে আরও উন্মুক্ত, আধুনিক ও তরুণবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেছেন, ‘তোমরাই এই শহরের সম্পদ, তোমরাই দেশের সম্পদ। তোমাদের জন্য একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তোমরা যেন এই শহরে হাঁটতে পারো, খেলাধুলা করতে পারো, ঘুরতে পারো এবং নিজেদের সৃজনশীলতা বিকশিত করার সুযোগ পাও—সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।’

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অডিটোরিয়ামে গাজী কেডি গ্রুপের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহর উদ্যোগে আয়োজিত SSC Reception-26 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি ১৯৯১ সালে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি। তখন সারা দেশে মেডিকেল কলেজ ছিল মাত্র আটটি। সীমিত আসনের বিপরীতে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের মেডিকেলে ভর্তির সুযোগ পেতে হয়েছে। তোমাদেরও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

 

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ নয়। সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মেধা ও যোগ্যতার পাশাপাশি শিক্ষার্থীদের সততা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

 

মেধাবী শিক্ষার্থীদের দেশে ধরে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা সবসময় মেধাবী শিক্ষার্থীদের দেশে ধরে রাখতে পারি না। ভবিষ্যতে এমন সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তোমরা দেশে থেকেই নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারো।’

 

চট্টগ্রামকে তরুণদের জন্য আরও উপযোগী করে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নগরীতে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পার্ক, খেলার মাঠ ও হাঁটার স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এসব নাগরিক সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মেয়র বলেন, ‘চট্টগ্রামে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তরুণ প্রজন্ম শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের মধ্য দিয়েও নিজেদের বিকশিত করতে পারে। নগরীর বিভিন্ন এলাকায় পার্ক ও খেলার মাঠ তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু সরাসরি একজন মানুষের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না; এডিস মশার মাধ্যমে এই রোগ ছড়ায়। দিনের বেলায় এডিস মশা বেশি সক্রিয় থাকে। তাই ঘরের পর্দার আড়ালে, আসবাবপত্রের পেছনে এবং বিভিন্ন আড়ালযুক্ত স্থানে মশার উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

 

মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং নিজেদের যোগ্যতা দিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করবে। তোমরাই পারবে চট্টগ্রামকে আরও সুন্দর ও সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলতে।’

 

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজী কেডি গ্রুপের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ। তিনি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ ১০ বছরের স্কুলজীবন শেষ করে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির জন্য অবদান রাখতে হবে।

 

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ। এ দেশকে আমরা ভালোবাসি। দেশের জন্য আমাদের কিছু করতে হবে।’ শিক্ষার্থীদের নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

 

গাজী সিরাজ উল্লাহ আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়